কাল থেকে নগরীতে টিসিবির ট্রাকে বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক ।।
পবিত্র রমজান উপলক্ষে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি কর্তৃপক্ষ। কাল থেকে শুরু হবে এই কার্যক্রম। নগরীতে (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার থেকে প্রতিদিন ১৫টি ট্রাকে চলবে এই পণ্য বিক্রি। পর্যায়ক্রমে ঘুরে ঘুরে প্রতিদিন নগরীর প্রতিটি ওয়ার্ডে অবস্থান করবে এই ট্রাক। পণ্য হিসাবে থাকছে চিনি,তেল,ডাল,খেজুর ও ছোলা।
প্রতিটি ট্রাকে ৪০০ জনের পণ্য বরাদ্দ থাকবে। অর্থ্যাৎ একটি ট্রাক থেকেই ৪০০ জন এই ৫ পণ্য কিনতে পারবে। সে হিসাবে প্রতিদিন নগরীর ৬ হাজার মানুষ এই পণ্য কিনতে পারবে। নগরীর বাইরে বরিশাল বিভাগের অন্য ৫ জেলায় ৫টি করে ২৫ টি ট্রাক বরাদ্দ রাখা হয়েছে। শুক্রবার বাদে প্রতিদিন সকাল থেকে শুরু হবে পণ্য বিক্রি। পণ্য শেষ না হওয়া পর্যন্ত ট্রাকগুলো নির্ধারিত স্থানে পণ্য বিক্রি চালিয়ে যাবে। টিসিবির বরিশাল অঞ্চলের প্রধান (সহকারী পরিচালক) শতদল মন্ডল সোমবার সন্ধ্যায় আজকের পরিবর্তনকে এসব তথ্য জানান। তিনি বলেন-শুধু রমজান মাসের জন্য সরকার মানুষকে ন্যায্য মূলে পণ্য সামগ্রী দেওয়ার জন্য বিশেষ এ ব্যবস্থা করেছে। ট্রাক সেলের বাইরে স্মার্টকার্ডে পণ্য বিক্রি পূর্বের মতই অব্যাহত থাকবে।
ট্রাক থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ একবার পণ্য নিতে পারবেন। ৮০ টাকা দরে এক কেজি চিনি,৬০ টাকা দরে ১ কেজি ছোলা,৭০ টাকা দরে ২ কেজি মশুর ডাল,৮০ টাকায় আধা কেজি খেজুর এবং ১১৫ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।



Post Comment