এমপি রেজা কিবরিয়ার স্ত্রীকে অতিথি করায় ইউএনও-এসিল্যান্ড বদলি
অনলাইন ডেক্স ।।
হবিগঞ্জে সংসদ সদস্যের স্ত্রীকে প্রশাসনের সভায় অতিথি হওয়া নিয়ে আলোচনার মধ্যেই হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন দে ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলমকে বদলি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রবিবার (১ মার্চ) আলাদা প্রজ্ঞাপনে লিটন দেকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং মাহবুবুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। তবে সরকারি আদেশে এই রদবদলের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের দাবি-বির্তকিত ওই সভার জের ধরেই তাদের তড়িঘড়ি বদলি করা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির আসনে বসেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া। সেখানে তিনি বক্তব্যও দেন। ওই সভার ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় যে সিমি কিবরিয়ার দুইপাশে বসে আছেন ইউএনও লিটন দে, এসিল্যান্ড মাহবুবুল আলম এবং ওসি সাইফুল ইসলাম। সরকারি সভায় একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যের এমন উপস্থিতি ও প্রধান অতিথির আদলে বসে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
দেশ রূপান্তর



Post Comment