Loading Now

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে – তথ্য মন্ত্রী

গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনার লক্ষ্য ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল সার্কিট হাউজে আজ সকালে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

‘জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহের’ প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহির পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই।’

জহির উদ্দিন স্বপন আরো বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যে আমলে গড়ে উঠেছে তখন তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে যে ধরনের তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রসার তৈরি হয়েছে এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে উঠেনি। সরকারের নীতিনির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব।’

এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর অনুদানের চেক স্থানান্তর করেন মন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে দেয়া হয়েছে ২ কোটি ১৭ লাখ টাকা।

Post Comment

YOU MAY HAVE MISSED