ছাত্রদল নেতা হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার
ভোলা প্রতিনিধি ।।
ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার এজাহারনামীয় আরও দুই আসামি গ্রেফতার।
ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার এজাহারনামীয় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পৃথক দুটি রিসোর্ট থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাতে ভোলা র্যাব-৮ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার শাহরিয়ার রিফাত অভি।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, হাসিবুর রহমান (৩৮) ও রনি হাওলাদার (৩৬)। হাসিবুর ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেলাল মেম্বারের ছেলে এবং রনি একই এলাকার মোক্তার হাওলাদারের বড় ছেলে। হাসিবুর হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি এবং রনি ৩ নম্বর আসামি। এছাড়াও নিহত সিফাত ও গ্রেফতার ব্যক্তিরা আপন চাচাতো ভাই।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে র্যাব-৮ ও র্যাব-৯ এর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের আল হেরা রিসোর্টের ৫ম তলার একটি কক্ষ থেকে হাসিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থানে হোটেল ইছাকি এমোসের ১০৭ রুম থেকে রনি হাওলাদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।
এর আগে, একই মামলায় হাসিবুর রহমানের ছোট ভাই সাকিবকে রাজধানী ঢাকার হেমায়েতপুর এবং আরেকজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে র্যাব। এঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ, গেল ২৪ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে নিজ বাসার সামনে নৃশংসভাবে খুন হন ছাত্রদল নেতা সিফাত হাওলাদার। পরের দিন তার মা ইয়ানুর বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামি ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



Post Comment