জামায়াত সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে : গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, জুলাই আন্দোলনের কারনে আপনারা ক্ষমতায় যেতে পারলেন এখন ক্ষমতায় গিয়ে আন্দোলনের ও আন্দোলনকারীদের কথাই ভুলে গেলেন। এটা আপনাদের দ্বারাই সম্ভব।
আপনারা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গেলেন এবং এখন ক্ষমতার চেয়ারে বসে দেশ নিয়ে নানা ইঞ্জিনিয়ারিং করছেন। দেশের মানুষ সব জানে ও বোঝে। আগামী ৫ বছর পর আবার নির্বাচন হবে। সে নির্বাচনে দেশের মানুষ জবাব দিবে। তার অপেক্ষায় থাকেন। এর আগে দেশে যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হবে সবগুলো নির্বাচনে জামায়াত অংশগ্রহন করবে।
রোববার নগরীর একে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরোয়ার বলেন-দেশে জামায়াতে ইসলামীর যে জনপ্রিয়তা তৈরী হয়েছে তাতে জামায়াত সব নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুত।
তিনি বলেন, জুলাই আন্দোলনের ছাত্র-জনতা যে ইনসাফ চেয়েছিলেন, সেই ইনসাফের কথা কুরআনে উল্লেখ রয়েছে। কুরআন একটি পূনাঙ্গ জীবন ব্যবস্থা। এই কুরআনই হলো আল্লাহর আইন। অন্তরে কুরআনের ভয় না থাকলে রাষ্ট্র ও সমাজ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাকাওয়া অনুযায়ী যদি ওসি, ডিসি, এসপি ও আমলারা রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। জান্নাত-জাহান্নামের মালিক দেখছেন আমি-আপনি কি তাকাওয়া অনুযায়ী চলছি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালবলেন, সারাদেশে জামায়াতের জাগরণ সৃষ্টি হয়েছিল। মানুষ ভোটও দিয়েছিলো। কিন্তু সেই ভোট কেড়ে নেয়া হয়েছে। কারচুপি করে ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। যে বিষয়টি কিছুদিন পূর্বে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।



Post Comment