দোষী অটোচালককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক ।।
নগরীতে ব্যাটারিচালিত তিন চাকার যানের ধাক্কায় শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নগরের বিএম কলেজ রোড এলাকায় বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে সেখানে বক্তব্য রাখেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরিন। এ সময় তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষী অটোচালক কে গ্রেফতার করে শেরেবাংলা স্কুলের সামনে হাজির করা হবে। এছাড়া নিহত স্কুলছাত্রী চৈত্রীর চিকিৎসায় অবহেলার জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন নগর প্রশাসক।
সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গত বুধবার দুপুরে বিদ্যালয় ছুটির পর সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত তিন চাকার যানের ধাক্কায় গুরুতর আহত হয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী চৈতি।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল জেনারেল হাসপাতাল ও পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে তার মৃত্যু হয়। চৈতি তার মায়ের সঙ্গে নগরের জিয়া সড়ক এলাকার একটি ভাড়া বাসায় থাকত। তার বাবা ময়মনসিংহের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই চৈতির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিদ্যালয়টির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভের আয়োজন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বুধবার বিদ্যালয় ছুটির পর চৈতি রাস্তা পার হওয়ার সময় তিন চাকার যানের ধাক্কায় নিহত হয়। আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলেও যথাযথ চিকিৎসা দিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলে, দুর্ঘটনা রোধে অবিলম্বে বিদ্যালয়ের সামনে স্পিডব্রেকার দেওয়া এবং তিন চাকার যানের চালককে গ্রেপ্তার করতে হবে। পরে সিটি প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।



Post Comment