Loading Now

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি, ৫০ গাড়ি

অনলাইন ডেক্স ।।

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি এবং মিন্টো রোড এলাকায় প্রায় ৪০টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের সরকারের আমলের মন্ত্রী ও বর্তমান উপদেষ্টারা যেসব বাসভবন ছেড়ে দিয়েছেন, সেগুলো মিলিয়ে ৪০টি বাসভবন এখনই ওঠার মতো অবস্থায় রয়েছে। বর্তমানে ৪০টি বাড়ি প্রস্তুত থাকলেও নতুন সরকারের চাহিদার ওপর ভিত্তি করে এই সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রীদের এখনই ওঠার মতো প্রায় ৪০টি সরকারি বাসভবন আছে। এগুলো আগের মন্ত্রীদের জন্য বরাদ্দ দেওয়া ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা কয়েকটি বাড়ি ব্যবহার করেছেন, আবার অনেকগুলো বর্তমানে ফাঁকা আছে। মন্ত্রীদের আবাসন নিয়ে আপাতত কোনো সমস্যা হবে না।

বেইলি রোড থেকে মিন্টো রোড, প্রস্তুত ৪০টি বাসভবন

নতুন সরকারের প্রধানমন্ত্রী কোথায় থাকবেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সরকারি নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বর্তমান বাসভবন ‘যমুনা’ নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে। এছাড়া স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন করার বিষয়ে আগের একটি কমিটির সুপারিশ থাকলেও তা এখনো চূড়ান্ত রূপ পায়নি।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর আবাসনের বিষয়ে আগাম কোনো সুনির্দিষ্ট প্রস্তুতি নেই। তিনি কোথায় থাকবেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। বর্তমানে তাৎক্ষণিক ব্যবহারের উপযোগী হিসেবে একমাত্র ‘যমুনা’ প্রস্তুত আছে। তিনি যদি সেখানে থাকার সিদ্ধান্ত নেন, তবে আমাদের চূড়ান্ত প্রস্তুতির কাজ শুরু হবে। তবে তিনি চাইলে নিজের বর্তমান বাসভবনেও থাকতে পারেন অথবা নতুন কোনো বাসভবন তৈরির নির্দেশনাও দিতে পারেন।

শপথের দিন চূড়ান্ত হবে গাড়ির সংখ্যা, আপাতত প্রস্তুত ৫০ বাহন:

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে প্রাথমিকভাবে মন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

ভিভিআইপি প্রটোকলে সব সময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখতে হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যেন আরেকটি গাড়ি পাঠানো যায়, সেজন্য অতিরিক্ত পাঁচটিসহ মোট ৫০টি গাড়ি প্রস্তুত করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED