Loading Now

নির্বাচনে স্থল ও জলপথে ১০০ প্লাটুন কোস্টগার্ড মোতায়েন

ভোলা প্রতিনিধি ।।

সুষ্ঠু–শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকাসহ গুরুত্বপূর্ণ নির্বাচনি অঞ্চলে স্থল ও জলপথে ১০০ প্লাটুন কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

কোস্টগার্ড মহাপরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১০০ প্লাটুনের প্রায় তিন হাজার ৫০০ কোস্টগার্ড সদস্য উপকূলীয়, নদী বেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে দায়িত্ব পালন করছে।

জিয়াউল হক বলেন, মোতায়েনকৃত প্লাটুনগুলো স্থল ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

বিশেষ করে ভোলা জেলার চরাঞ্চল ও নদী বিচ্ছিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোতে কোস্টগার্ড সদস্যরা বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ ও নিয়মিত টহল জোরদার করেছে। পাশাপাশি নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করছেন।

নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা রোধে কোস্টগার্ড সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এ সময় ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা.শামিম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED