পটুয়াখালীতে লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলারডুবি, দুইজনের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই একটি ট্রলারডুবিতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রেজাউল করীম (২৮) এবং নাছির ফকির (৪২)। রেজাউল রাঙাবালী উপজেলার চরলাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ছেলে ও নাছির ফকির একই উপজেলার চরবিষ্টন এলাকার আব্দুল ফকিরের ছেলে।
এরা দুইজনই পেশায় শ্রমিক ছিলেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকদের সহায়তায় ফায়ার সার্ভিসের দল মুত্যু দুজন শ্রমিকের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন তরমুজ চাষি রাঙাবালী থেকে তরমুজবোঝাই একটি ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। একই সময় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ভোর প্রায় ৪টার দিকে বগা লঞ্চঘাটে লঙ্গর শেষে পটুয়াখালী যাওয়ার পথে বামনিকাঠী এলাকায় পৌঁছালে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।
ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পারার কারণে তাদের মৃত্যু হয়। তবে ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে ওঠেন।
স্থানীয়রা জানান, নদীতে ঘন কুয়াশার কারণে ট্রলারটি লঞ্চের সুকানি না দেখার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) আল-মামুন বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



Post Comment