পটুয়াখালীতে স্ত্রীর ‘পরকীয়া’র জেরে স্বামীর আত্মহত্যা
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালী পৌর শহরের নিউ মার্কেট এলাকায় পারিবারিক কলহ ও স্ত্রীর পরকীয়ায় সৃষ্ট মানসিক যাতনা সইতে না পেরে মেহেদী (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নিজ বাসায় ওই যুবক আত্মহননের পথ বেছে নেন।
নিহত মেহেদী শহরের সুপরিচিত ব্যবসায়ী এবং ‘আরিফ ভবন’-এর মালিক মো. আরিফের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পরিবারের অগোচরে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মেহেদী। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেদীর বন্ধু ও ঘনিষ্ঠজনদের দাবি, দাম্পত্য জীবনে তিনি চরম অশান্তিতে ছিলেন। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। কাছের মানুষদের কাছে মেহেদী প্রায়ই তার কষ্টের কথা বলতেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
একজন পরিচিত ব্যবসায়ীর ছেলের এমন আকস্মিক মৃত্যুতে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সমাজ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে মেহেদীর পরিবারের পক্ষ থেকে এখনো সংবাদমাধ্যমের কাছে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।সংবাদ আর্কাইভবিশেষ সংবাদ
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে এর পেছনে প্ররোচনা বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”



Post Comment