Loading Now

পরকীয়ার অভিযোগে আটক: শালিসের নামে নারীকে বর্বরোচিত জুতাপেটা

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের এক গৃহবধূকে পরকীয়ার অভিযোগে সালিশি বৈঠকে চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) নির্দেশে প্রকাশ্যে জুতাপেটার ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (২ মার্চ) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে রোববার রাতে সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেল্লাল (৩৫) নামের এক যুবকের সঙ্গে নিজলাঠিমারা গ্রামের এক গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। বেল্লাল রোববার রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে প্রতিবেশীরা বুঝতে পেয়ে তাকে আটক করে। এর কিছুক্ষণ পর এ নিয়ে পাথরঘাটা সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশি বৈঠক বসে। সালিশে উপস্থিত লোকজনের সামনে পাথরঘাটা সদর ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলমের নির্দেশে ওই গৃহবধূর বাবা জুতা দিয়ে পিটিয়েছেন। এ সময় গৃহবধূর কোলে থাকা এক বছর বয়সী শিশুটিকে ছিনিয়ে নিয়ে অন্যের কোলে দেওয়া হয়। জুতাপেটা করার পর শিশুটিকে আবার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

পরে চেয়ারম্যানের নির্দেশে জুতা দিয়ে পেটানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, গৃহবধূর সঙ্গে বেল্লালের দীর্ঘ দিনের প্রেম। প্রায়ই দেখা করতো তারা। আজ স্থানীয় লোকজন তাদের হাতেনাতে ধরেছে। পরবর্তীতে চেয়ারম্যানকে খবর দিলে তিনি এলাকাবাসীর সামনে বিচার করেন।

এ বিষয়ে জানতে চাইলে সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলম বলেন, ‘পরকীয়ার অভিযোগে তাদের আটক করা হয়। পরে সালিশের মধ্যে উপস্থিত লোকজনদের শান্ত করতে গৃহবধূর বাবা তার মেয়েকে জুতা পেটা করেন।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমি একটি ভিডিও দেখেছি জুতাপেটা করার। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED