পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নায়িকার!
বিনোদন ডেক্স ।।
গত বছর প্রয়াগরাজ কুম্ভ মেলায় রাতারাতি পরিচিতি পাওয়া তরুণী মোনালিসা ভোসলে সম্প্রতি এক চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। ২০২৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন মোনালিসা। পরে বলিউডেও তার অভিষেক হয়।
সেসময় পরিচালক সনোজ মিশ্রর নজরে পড়ায় এই নির্মাতা তাকে একটি ছবিতে সই করান। এবার সেই সনোজ মিশ্রর বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে মোনালিসা দাবি করেন, ওই পরিচালক চলচ্চিত্রের নাম করে নাবালিকা মেয়েদের সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করেছেন।
সংবাদ সম্মেলনে মোনালিসা এবং তার স্বামী উভয়েই উপস্থিত ছিলেন। মোনালিসা ওই পরিচালকের নাম উচ্চারণ করতেও ঘৃণা প্রকাশ করে বলেন, ‘কে তার সিনেমার অংশ হতে চায়? সে অত্যন্ত নিচ ও জঘন্য একজন মানুষ। সে সিনেমার নাম করে নাবালিকাদের সঙ্গে অভদ্র আচরণ করে।’
তিনি আরও অভিযোগ করেন, ওই পরিচালক এখন তার সম্পর্কে কুরুচিপূর্ণ কথা ছড়াচ্ছেন এবং তাকে সিনেমায় না নেওয়ার হুমকি দিচ্ছেন।
মোনালিসা জানান, তাকে এবং তার স্বামীকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন স্থানে তাদের পোস্টারও পোড়ানো হচ্ছে। এই অবস্থায় তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছেন।
এছাড়া মোনালিসা তার বিবাহিত জীবন নিয়ে চলা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান। হিন্দু রীতিতে বিয়ে করেছেন জানিয়ে তিনি বলেন, তারা একটি মন্দিরে হিন্দু শাস্ত্র মতে বিয়ে করেছেন যা দেশের মানুষ জানে।
ওই পরিচালক তাদের এই বিয়েকে ‘লাভ-জিহাদ’ বলে আখ্যা দিয়ে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। মোনালিসা বলেন, ‘আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু ওই পরিচালক চান দেশে চরমপন্থা ছড়িয়ে পড়ুক এবং মানুষে মানুষে লড়াই হোক।’
সঙ্গে তিনি কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে তার স্বামীর বিরুদ্ধে তাদের বিয়ে নিয়ে কোনো ভুল বা ভিত্তিহীন অভিযোগ না আনা হয়।
তথ্য সূত্র : যুগান্তর,,,,,



Post Comment