বরিশালে পাম্প ও ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক ।।
জ্বালানি তেল খাতে অনিয়ম, কারচুপি ও কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ, স্থিতিশীল ও ভোক্তাবান্ধব রাখতে শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় বরিশালের বিভিন্ন জ্বালানি তেল পাম্প ও ডিপোতে আকস্মিক পরিদর্শন পরিচালনা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।
পরিদর্শনকালে পাম্পগুলোতে তেলের মূল্য তালিকা প্রদর্শন, সরকার নির্ধারিত দামে বিক্রয় এবং পরিমাপে সঠিকতা নিশ্চিত করার বিষয়গুলো সরেজমিনে যাচাই করা হয়। এ সময় জেলা প্রশাসক সরাসরি ভোক্তা স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেল একটি সংবেদনশীল খাত। এখানে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই এ খাতে অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কেউ যদি অতিরিক্ত মূল্য আদায়, কম তেল দেওয়া বা মজুতদারির সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই তেল বিক্রি করা যাবে না। প্রতিটি পাম্পে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং পরিমাপে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
ডিপো পরিদর্শনের সময় জ্বালানি তেলের মজুত পরিস্থিতি, সংরক্ষণ পদ্ধতি, নিরাপত্তা মানদণ্ড এবং অগ্নি-নির্বাপণ প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ডিপোগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অগ্নি-নির্বাপণ ব্যবস্থা সবসময় প্রস্তুত রাখতে হবে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নিয়মিত মনিটরিং ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, সংরক্ষণ ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা যেন না থাকে এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।
পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দীনেশ সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অসাধু চক্রের অপতৎপরতা রোধে জেলা প্রশাসন নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।



Post Comment