Loading Now

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম ‍সুমন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজ নিজ দপ্তরের কর্মপরিবেশ ও সেবা প্রদান প্রক্রিয়াকে আধুনিকীকরণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গতানুগতিক পদ্ধতির পরিবর্তে উদ্ভাবনী চিন্তাধারার প্রয়োগ ঘটিয়ে সেবাকে আরও সহজলভ্য ও স্মার্ট করে তুলতে হবে। কাজের প্রক্রিয়াকে সংক্ষিপ্ত করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটি গতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম ‍সুমন। এসময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

শিশু একাডেমির কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি ও মানসিক বিকাশে চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীতানুষ্ঠান আয়োজনের পাশাপাশি নতুন কার্যক্রম হাতে নিতে হবে।

তিনি বলেন, শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে তাদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। অবৈধভাবে দখল হওয়া জমিগুলো উদ্ধার করে সেখানে খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণ করতে পারলে সরকারের উদ্ধারকৃত জমি পুনরায় বেদখল হওয়া থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি শিশুরা সুষ্ঠু বিনোদনের জায়গা পাবে বলে তিনি মন্তব্য করেন।

 

Post Comment

YOU MAY HAVE MISSED