বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত
বানারীপাড়া প্রতিনিধি ।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলায় দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার এবং সহসভাপতি শাহাদাত হোসেন মেননএর পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, দলীয় নীতি-আদর্শ ও সাংগঠনিক সংহতির পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান মিরাজকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে শাহাদাত হোসেন মেননের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
বহিষ্কারাদেশ সংক্রান্ত পত্রে আরও বলা হয়, ভবিষ্যতে মিরাজের কোনো কর্মকাণ্ডের দায়ভার বিএনপি বহন করবে না। পাশাপাশি দলের সকল নেতা-কর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দুই নেতার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা সংক্রান্ত চিঠি দুটি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় নিয়মবিরোধী কর্মকাণ্ডের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হবে বলে নেতারা জানিয়েছেন।



Post Comment