Loading Now

বাবার পথ ধরে মন্ত্রিসভায় সোহেল মনজুর

অনলাইন ডেক্স ।।

পিরোজপুর-২ আসনে বাবা-ছেলের রাজনৈতিক পরিচয় নজর কাড়ছে। বাবা নূরুল ইসলাম মঞ্জুর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ভোটে জিতে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর মোশতাক আহমেদ সরকারের মন্ত্রিসভায়ও প্রতিমন্ত্রী হন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে দলটিতে যোগ দেন নূরুল ইসলাম মঞ্জুর। দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি আর মন্ত্রিসভায় সুযোগ পাননি।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন নূরুল ইসলামের মঞ্জুরের ছেলে আহম্মেদ সোহেল মঞ্জুর। তিনি পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ১৮৫ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। জয়ী হয়েই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সোহেল মঞ্জুর।

নূরুল ইসলাম মঞ্জুরের রাজনৈতিক জীবন এক কথায় ‘দ্বন্দ্ব ও পরিবর্তনের ইতিহাস’। ১৯৩৬ সালের ২৬ মে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করা মঞ্জুর পাকিস্তান আমলে এমএনএ (ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য) ছিলেন।

স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান ছিল অবিস্মরণীয়। শেখ মুজিবুর রহমানের চতুর্থ মন্ত্রিসভায় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের শীর্ষ সংগঠক হিসেবে মঞ্জুরের অবস্থান শক্ত ছিল। ১৯৭৩ সালে তিনি বাকেরগঞ্জ-৮ (বরিশাল সদর) থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে ২১ জুলাই ১৯৭৫-এ শেখ মুজিব তাঁকে পদ থেকে বরখাস্ত করেন।
মার্কিন দূতাবাস ঢাকার সূত্রে জানা যায়, বন্যা নিয়ন্ত্রণ ও পানি উন্নয়ন মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের সঙ্গে জেলা বরিশালকেন্দ্রিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর অগাস্ট ১৯৭৫-এ মঞ্জুর মোশতাক আহমেদ সরকারের রেলপথ ও যোগাযোগ প্রতিমন্ত্রী হিসাবে যোগ দেন।

১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পিরোজপুর-২ আসন (কাউখালী, ভাণ্ডারিয়া ও নেছারাবাদ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নূরুল ইসলাম মঞ্জু। দলীয় রাজনীতির পাশাপাশি প্রশাসনিক দায়িত্বও সামলেছেন মঞ্জু।

তবে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জেল হত্যা মামলায় দলের শীর্ষ নেতা কে এম ওবায়দুর রহমান ও শাহ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে গ্রেপ্তার হন তিনি। ২০০৪ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে আদালত তাঁকে সেই মামলায় অভিযোগ থেকে খালাস দেন।

২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে পিরোজপুর-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। তবু দলের হয়ে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন শেষ পর্যন্ত তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED