বাবুগঞ্জে শিশুকে পুড়িয়ে হত্যায় মামলা
বাবুগঞ্জ প্রতিনিধি ।।
বরিশালের বাবুগঞ্জে ‘অনৈতিক’ প্রস্তাবে রাজি না হওয়ায় রাইসা আক্তার (১০) নামে এক কিশোরীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাইসার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় কিশোর সিফাত সিকদার ও তার বাবা জালাল সিকদারকে আসামি করা হয়েছে।
রাইসা আক্তার উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের দিনমজুর নজরুল ইসলামের মেয়ে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ মার্চ) দুপুরে বাড়ির পাশে রাইসার পথরোধ করে সিফাত সিকদার। এ সময় সে কিশোরীকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা রাইসাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। পরদিন সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাইসার পরিবার।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহতেশামুল ইসলাম বলেন, মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।



Post Comment