বিড়াল হত্যায় একজনের ৬ মাসের কারাদণ্ড
অনলাইন ডেক্স ।।
ঢাকার মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা মামলায় একজনকে ছয় মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকবর হোসেন শিবলু।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বসবাসকারী মনসুর নামে একজনের পোষা বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে বিড়ালটিকে হত্যা করতে দেখা যায় শিবলুকে। তিনি মনসুরের প্রতিবেশী।
এ ঘটনায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। একই বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।



Post Comment