বেতন বোনাসের দাবিতে কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মী, শহরে ময়লার স্তূপ
নিজস্ব প্রতিবেদক ।।
ঈদের আগে বেতনসহ বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় দুই হাজার পরিচ্ছন্নতাকর্মী। এই কর্মবিরতির ফলে নগরজুড়ে আবর্জনা জমে সৃষ্টি হয়েছে দুর্ভোগ। বিশেষ করে গত কয়েকদিনে শহরের অলিগলি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বুধবার সকাল থেকে নগরীর নতুনবাজার, চৌমাথা, বটতলা, রুপাতলীসহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশ ও ডাস্টবিনে ময়লার স্তূপ জমে থাকতে দেখা গেছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় নগরবাসীকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
পরিচ্ছন্নতাকর্মীরা জানায়, তারা মাসে ৩০ দিন কাজ করলেও বেতন পান মাত্র ২২ দিনের। আগে ঈদসহ বিভিন্ন উৎসবে ভাতা ও ইফতারের জন্য আলাদা অর্থ দেওয়া হলেও এবার ঈদের আগে শুধু বেতন দেওয়ার কথা বলা হয়েছে, কোনো বোনাস বা উৎসব ভাতা দেওয়া হচ্ছে না। শ্রমিকদের দাবি, কম বেতনে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে ঈদের আগে বোনাস না পেলে পরিবার নিয়ে উৎসব করা অসম্ভব হয়ে পড়বে।
সিটি কর্পোরেশন ও শ্রমিক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় শ্রম অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। তবে ওই গেজেটে উল্লেখ করা হয়েছে, মজুরি ভিত্তিক শ্রমিকরা কোনো ধরনের উৎসব ভাতা পাবেন না। সরকারের এই সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
এনিয়ে ক্ষোভপ্রকাশ করে শহরের বাসিন্দারা জানান, ডাস্টবিন ও রাস্তার পাশে ময়লা উপচে পড়ছে। দুর্গন্ধে বাতাসে ছড়িয়ে পড়েছে, জনসাধারণকে নাক-মুখ ঢেকে পথ চলছে দেখা যায়। দ্রুত এই সমস্যা সমাধান না হলে পুরো শহর ময়লার ভাগাড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিচ্ছন্নতা কর্মী রহিম মিয়া বলেন, ‘বেতন বাড়লেও যদি ঈদের সময় বোনাস না পাই, তাহলে আমাদের উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে। এটা আমাদের সঙ্গে চরম অন্যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।’
বরিশালে শ্রমিক এবং দিনমজুরদের স্বার্থ নিয়ে কাজ করেন জেলা বাসদের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী। তিনি সাংবাদিকদের বলেন, ‘পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ও ঈদ বোনাস অবশ্যই দেওয়া উচিৎ। তারা দীর্ঘদিন ধরে নিয়মিত বোনাস পেয়ে আসছেন। হঠাৎ করে ঈদের আগে বোনাস বা বেতন না দিলে তারা ঈদের বাজার করা কিংবা সন্তানদের জন্য কাপড়-চোপড় কিনতে পারবেন না। এটি অত্যন্ত অমানবিক সিদ্ধান্ত।’
তবে সিটি করপোরেশনের সচিব রুম্পা সিকদার বলছেন, ‘যারা দৈনিক ভিত্তিতে কাজ করেন তাদের আইনে বোনাস ভাতা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে শ্রমিকরা মানবিক কারণে বিষয়টি দাবি করছেন। প্রশাসক এ বিষয়ে অবগত আছেন এবং বিষয়টি দেখা হচ্ছে।’



Post Comment