Loading Now

মেহেন্দিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শাহ আলম সরকার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু মাতুব্বর নামে এক ব্যক্তি শাহ আলম সরকারের কাছে পাওনা টাকা দাবি করেন। কিন্তু শাহ আলম সরকার টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিন্টু মাতুব্বর কাঠের লাঠি দিয়ে শাহ আলম সরকারের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে শাহ আলম সরকারের মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং অভিযুক্ত মিন্টু মাতুব্বরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি, তবে প্রস্তুতি চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED