রিহ্যাব থেকে ফেরা ছেলেকে নেশা করতে বাধা দেওয়ায় মাকে কুপিয়ে জখম!
বানারীপাড়া প্রতিনিধি ।।
বানারীপাড়ায় রিহ্যাব থেকে ফিরে আসা ছেলেকে নেশা করতে বাঁধা দেওয়ার কারণে মা তানিয়া ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় নেশাগ্রস্থ সাহরিয়ার আহম্মেদ আলিফের (২৬) বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের পর গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে মামলার বাদী সুরাইয়া আক্তার বলেন, তার নাতি সাহরিয়ার আহম্মেদ আলিফ দীর্ঘদিন ধরে একটি রিহ্যাবে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে তাদের অজান্তে পুরনো সহযোগীদের সঙ্গে মিশে আবার নেশায় জড়িয়ে পরে। শুক্রবার ভোররাত অনুমান ৪টার দিকে তার পুত্রবধূ তানিয়া ইসলাম রান্না ঘরে সেহরির খাবার গরম করতে গিয়ে ছেলে আলিফকে নেশা করতে দেখে প্রতিবাদ জানায়।
এতে আলিফ ক্ষিপ্ত হয়ে মা তানিয়া ইসলামকে (৪৫) কুপিয়ে জখম করেন। পরে তারা গুরুতর আহত তানিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এ ঘটনায় দাদি সুরাইয়া আক্তার বাদী হয়ে নাতি আলিফের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।
থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান এ মামলাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই মো.আতিয়ার রহমান রহমানকে নির্দেশ দেন। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নেশাগ্রস্থ আলিফকে গ্রেফতার করে কোর্ট হাজতে পাঠান।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়ে আলিফকে গ্রেফতার করে কোর্টহাজতে প্রেরণ করেছি।



Post Comment