Loading Now

শুটিং চলাকালে পানিতে ডুবে ভারতের অভিনেতা রাহুলের মৃত্যু

বিনোদন ডেক্স ।।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রোববার ভোলে বাবা পার করেগা নামক একটি ধারাবাহিক নাটকের শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। ৪৩ বছর বয়সী এই প্রতিভাবান অভিনেতার আকস্মিক প্রয়াণে বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের এক পর্যায়ে তিনি তালসারিতে পানিতে নামলে হঠাৎ তলিয়ে যান। উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ধারাবাহিকটিতে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় এই বেদনাদায়ক সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো ইউনিট দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিল। সেখানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটলেও ঠিক কীভাবে এটি হয়েছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

ভাস্কর বন্দ্যোপাধ্যায় আরও জানান যে, ইউনিটের সবাই যখন মধ্যাহ্নভোজ করতে যাচ্ছিলেন তখন রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে সেখানে থেকে যান। একজন সুস্থ ও প্রাণবন্ত মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন তা শুটিং ইউনিটের কেউ ভাবতেও পারেননি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের ছোট পর্দা ও বড় পর্দায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।

তার সাবলীল অভিনয় এবং শক্তিশালী উপস্থিতি তাকে স্বতন্ত্র পরিচিতি দিয়েছিল। দিঘার মতো স্থানে শুটিং করতে গিয়ে এই ধরণের দুর্ঘটনা টলিউড ইন্ডাস্ট্রিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে আলোচনা ও শোকের জন্ম দিয়েছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে। আইনি প্রক্রিয়া শেষে অভিনেতার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে দুই বাংলার ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

Post Comment

YOU MAY HAVE MISSED