‘সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই ‘: রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক ।।
সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ও চরমোনাই ইউনিয়নে সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে ধারাবাহিক গণসংযোগ ও একাধিক নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন তিনি চরমোনাই ইউনিয়নের বুখাইনগর, ডিঙ্গামানিক, থানাচরকাটা ও চাঁদের হাট ও চাঁদপুরা ইউনিয়নের সাহেবের হাট বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধনসহ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন৷
রহমাতুল্লাহ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে দেশে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত ছিল। সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল ও মতপ্রকাশের সুযোগ পেয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে, যা থেকে উত্তরণে গণতান্ত্রিক শক্তির পুনরুত্থান জরুরি।
তিনি আরও বলেন, সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। জনগণের রায় পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।
গণসংযোগ ও কার্যালয় উদ্বোধনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় রহমাতুল্লাহ আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলকে পাশে থাকার আহবান জানান।



Post Comment