সিকাস প্রকল্পের শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর সহযোগিতায় এ্যাসোসিয়েশন অব ভলান্টারী এ্যাকশনস ফর সোসাইটি (আভাস) আয়োজনে ২৭ জানুয়ারি আভাসের কনফারেন্স রুমে নন-ইকোনমিক লস এন্ড ড্যামেজ এন্ড স্মল-স্কেল এডাপটেশন ডিউ টু ক্লাইমেট চেইঞ্জ (সিকাস) প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন পরবর্তী শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, মানতা ও স্লাম সম্প্রদায়ের সদস্য, চিকিৎসক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনী বক্তব্য দেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান এইডের মাল্টি কান্ট্রি ক্লাস্টার (এশিয়া)-এর পার্টনারশিপ অ্যান্ড স্ট্র্যাটেজি লিড নুজহাত জাবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।
কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও অর্জন সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করা হয় এবং উন্মুক্ত আলোচনায় মানতা ও স্লাম সম্প্রদায়ের মানুষরা জলবায়ু পরিবর্তনের ফলে তাদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, শেখা বিষয় ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ, সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা অফিসার ইসমাত আরা খানম, যুব বিভাগের উপ-পরিচালক মো: শাহাবুদ্দিন সরদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী, বিসিক জেলা কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক মোঃ রাশেদুল ইসলাম, বরিশাল সিটি কর্পোরেশন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডঃ খন্দকার মঞ্জুরুল ইমাম (সুভ্র), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, চিকিৎসক ও সাংবাদিক বৃন্দ। তারা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ, নীতিগত সহায়তা ও স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।
এই কর্মশালার মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছে আরও দৃঢ়ভাবে পৌঁছাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।



Post Comment