২৫ মার্চের গণহত্যার ইতিহাস জানা অত্যন্ত জরুরি : প্রধানমন্ত্রী
অনলাইন ডেক্স ।।
গণহত্যা দিবস উপলক্ষে ১৯৭১ সালের ২৫ মার্চের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২৫ মার্চের গণহত্যার ইতিহাস জানা অত্যন্ত জরুরি।
বুধবার (২৫ মার্চ) ‘গণহত্যা দিবস’ উপলক্ষে মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া এক বাণীতে এ সব কথা বলেন তিনি।
বাণীতে তিনি বলেন, ২৫ মার্চ ১৯৭১ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম দিন। ওই রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চালায়। পাকিস্তানি সেনাবাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়ে হত্যা করে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইন্সে বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়।
তারেক রহমান বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। তবে কেন এটি প্রতিরোধ করা গেল না-তা এখনো ইতিহাসের গবেষণার বিষয়। তিনি উল্লেখ করেন, ওই রাতেই চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘উই রিভোল্ট’ ঘোষণা দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এর মধ্য দিয়েই শুরু হয় দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ।
তিনি আরও বলেন, স্বাধীনতার মূল্য ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ২৫ মার্চের গণহত্যার ইতিহাস জানা অত্যন্ত জরুরি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।
বাণীর শেষে তিনি মহান আল্লাহর কাছে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।



Post Comment