৪৮ ইভেন্ট গ্রুপ বরিশালের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক ।।
পবিত্র ঈদকে সামনে রেখে বরিশালে ৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মানবিক সংগঠন ৪৮ ইভেন্ট গ্রুপ, বরিশাল।
শনিবার (১৪ মার্চ) সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, চিঁড়া, মুড়ি, সেমাই, দুধ, লবণ, সয়াবিন তেল ও একটি কাপড়সহ মোট ১২টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ৫০ জন দুস্থ ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। রমজানের শেষ সময়ে এই সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
এ উপহার পেয়ে বরিশাল সদর উপজেলার চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া গ্রামের আয়নাল হাওলাদার বলেন, রমজান ও ঈদ সামনে রেখে এই সহায়তা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। যারা আমাদের কথা ভেবে এই উপহার দিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।
৪৮ ইভেন্ট গ্রুপ বরিশালের সদস্যরা দীর্ঘদিন ধরেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়ে আসছিলেন। পরে তারা উপলব্ধি করেন যে ছোট ছোট উদ্যোগ একত্রিত করলে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কাজ করা সম্ভব।
সেই চিন্তা থেকেই তারা একটি মানবিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন।
সংগঠনটির উদ্যোক্তাদের অন্যতম এবং বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, সমাজ ও মানুষের প্রতি প্রত্যেকেরই একটি নৈতিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনের তহবিল ও কার্যক্রমের পরিধিও বাড়ছে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের মতে, বন্ধুত্বের বন্ধন থেকে গড়ে ওঠা এই সংগঠনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। সঠিক উদ্যোগ ও আন্তরিকতা থাকলে বন্ধুত্ব কেবল ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবতার কল্যাণে বড় ভূমিকা রাখতে পারে-এ আয়োজন তারই একটি উদাহরণ।



Post Comment