৫৮০ লিটার ডিজেল জব্দ, মজুদকারীকে অর্থদণ্ড
বাবুগঞ্জ প্রতিনিধি ।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার নিজ ঘর থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হান্নান হাওলাদার কৃত্রিম সংকট সৃষ্টি করার লক্ষে নিজ বাড়িতে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ করে রেখেছেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় তাকে ১৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তার ঘর থেকে উদ্ধার করা ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
জব্দকৃত তেল পরবর্তীতে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, জনস্বার্থ বিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



Post Comment