Loading Now

‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ

অনলাইন ডেক্স ।।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে তিনি এ বিষয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে অনুমতি ছাড়া প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনের নজরে এলে সমাবেশটি ভেঙে দেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযোগে আরও বলা হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রুমিন ফারহানা কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন। তিনি প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং আঙুল উঁচিয়ে বারবার হুমকি দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ওই সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ আরও কয়েকজন ব্যক্তি মারমুখী আচরণ করেন। এতে সেখানে ‘মব’ সৃষ্টি হয় এবং বিচারিক কাজে বাধা দেওয়া হয়। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়, যা নির্বাচনি আচরণবিধির গুরুতর ও সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের একটি লিঙ্কও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED