বানারীপাড়ায় প্লাস্টিক কারখানায় অভিযান, ৭২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
অনলাইন ডেক্স ।।
বরিশালের বানারীপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করেছে পরিবেশ অধিদফতর। বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহায়তায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ অভিযান পরিচালনা করে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান গলি সড়কসংলগ্ন খালপাড় এলাকায় অবস্থিত মেসার্স জাবের প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে পলিথিন তৈরির প্রায় তিন হাজার কেজি কাঁচামাল (পিপিই দানা) এবং ৭২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
জব্দকৃত নিষিদ্ধ পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে অংশ নেওয়া বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব জানান, একই স্থানে কাঁচামাল ও প্রস্তুত নিষিদ্ধ পলিথিন পাওয়ায় সেখানে গোপনে পলিথিন উৎপাদনের জোরালো সন্দেহ রয়েছে। তবে অভিযানকালে কারখানার কোনো কর্মকর্তা-কর্মচারীকে আটক করা সম্ভব হয়নি।
পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুজ্জামান বলেন, ‘নিষিদ্ধ পলিথিন উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
জব্দকৃত পলিথিন ও কাঁচামাল পরিবেশ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।’ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
এদিকে অভিযোগ অস্বীকার করে কারখানার মালিক মো. জিয়া উদ্দিন বলেন, ‘তাদের কারখানায় কোনো নিষিদ্ধ পলিথিন উৎপাদন হচ্ছিল না। অনুমোদন অনুযায়ী শুধু প্লাস্টিক পণ্য তৈরি করা হচ্ছিল।
তবে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন কারখানায় কিভাবে এলো—সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।’
পরিবেশকর্মীরা বলছেন, ‘বৈধ প্লাস্টিক কারখানার আড়ালে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের প্রবণতা বাড়ছে। নিয়মিত নজরদারি না থাকলে পলিথিন নিষেধাজ্ঞার কার্যকর বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।’



Post Comment