আর্ন্তজাতিক শিক্ষা দিবস উপলক্ষে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
আর্ন্তজাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে “যুবশক্তির অংশগ্রহণ ও শিক্ষার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে বই পড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারী) বরিশাল নগরীর সেইন্ট-বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্র-এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে সেইন্ট-বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযান। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সিভিল সোসাইটির প্রতিনিধি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সভায় প্রধান অতিথি ছিলেন মানজুরা মুশাররফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরিশাল সদর উপজেলা, বরিশাল এবং সভাপতিত্ব করেন ফারজানা ইমা, নির্বাহী সদস্য, লাল সবুজ সোসাইটি। উপস্থিত ছিলেন সেইন্ট-বাংলাদেশ’র নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা কাজী জাহাঙ্গীর কবির প্রমূখ।
উল্লেখ্য যে, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা এমন একটি জনস্বার্থ সংশ্লিষ্ট কল্যাণ যা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। গত ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করে, যার মাধ্যমে শান্তি ও উন্নয়নে শিক্ষার ভূমিকা উদ্যাপনের লক্ষ্যে প্রতিবছর ২৪ জানুয়ারি আর্ন্তজাতিক শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যুবশক্তির সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবদের চিন্তা, সৃজনশীলতা ও নেতৃত্ব শিক্ষাব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। বক্তারা শিক্ষা নীতি প্রণয়ন ও বাস্তবায়নে যুব প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯জন শিক্ষার্থীদের মধ্য থেকে বিচারকমণ্ডলীর মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নির্বাচিত করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিচারক হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিল, সম্মিলিত সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে যুবদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করবে।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সেইন্ট-বাংলাদেশ’র উপ-পরিচালক আহসান মুরাদ চৌধূরী।



Post Comment