Loading Now

বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা থানা হেফাজতে

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার পাথরঘাটা উপজেলায় মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগের মামলায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় ওই মেয়ের মা পাথরঘাটা থানায় মামলা করেন। পরে মেয়েও থানায় গিয়ে তার বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়ে (১৫) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত জানুয়ারি মাসে নিজ বাড়িতে দুই দফায় বাবার মাধ্যমে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তাঁকে জন্মনিয়ন্ত্রণ ওষুধও সেবন করানো হয়।

স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করা শর্তে বলেন, এর আগেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশি এক নারীকে ধর্ষণের অভিযোগের কথা এলাকায় শোনা গিয়েছিল। পরে স্থানীয়ভাবে অর্থের বিনিময়ে বিষয়টির মীমাংসা করা হয়েছিল।

পাথরঘাটা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর কথা আছে। পরবর্তী নির্দেশনার জন্য কিশোরীকেও আদালতে নেওয়া হবে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই কোনো দেরি না করে দ্রুত মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তদন্তও সতর্কতার সঙ্গে চালানো হচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED