ভোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষে নারীসহ আহত ৪
ভোলা প্রতিনিধি ।।
ভোলার মনপুরা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কামালপুর এলাকায় এই সংঘর্ষ ঘটে।
আহতরা হলেন বদুল গনি, তাহেরা খাতুন, ইদ্রিস ও রাসেল হাওলাদার। তাঁরা সবাই কামালপুর এলাকার বাসিন্দা।
আহত আবদুল গনি জানান, তিনিসহ আরও কয়েকজন বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে গেলে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থকরা বাধা দেন। কে আগে প্রচারণা চালাবে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সমর্থক মো. ইদ্রিস অভিযোগ করে বলেন, মারামারির খবর শুনে ঘটনাস্থলে গেলে বিএনপির লোকজন উল্টো তাকে মারধর করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণার অগ্রাধিকার নিয়ে বিরোধের জেরে প্রথমে ধাক্কাধাক্কি এবং পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, ‘ন্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর সময় জামায়াত সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।’
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিমুল ইহসান জসিম গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।



Post Comment