Loading Now

চাঁদাবাজি–দুর্নীতিমুক্ত শিল্পবান্ধব বরিশাল গড়ার প্রত্যয় মুফতী ফয়জুল করীমের

নিজস্ব প্রতিবেদক ।।

চাঁদাবাজি–দুর্নীতিমুক্ত শিল্পবান্ধব বরিশাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বরিশাল বিসিক শিল্প নগরীর এলাকার ফরচুন, বেঙ্গল, খান সন্স টেক্সটাইলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক জনসংযোগকালে চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজিমুক্ত একটি শিল্পবান্ধব বরিশাল গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনসংযোগকালে তিনি বলেন, “বিসিক শিল্প এলাকা বরিশালের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। অথচ এই শিল্পাঞ্চল দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার। আমি নির্বাচিত হলে শিল্প উদ্যোক্তা, শ্রমিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করা হবে।”

মুফতী ফয়জুল করীম আরও বলেন, “চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। হাতপাখা মার্কা সেই পরিবর্তনের প্রতীক।”

তিনি বরিশালের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে বলেন, “শিল্পখাতের উন্নয়ন ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। বিসিক এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, গ্যাস–বিদ্যুৎ সংকট সমাধান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা হবে।”

নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, “বরিশাল নদীবেষ্টিত এলাকা হওয়ায় নদীভাঙন একটি বড় সমস্যা। কীর্তনখোলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও স্থায়ী সমাধানের জন্য আমি সংসদে জোরালো ভূমিকা রাখবো।”

জনসংযোগকালে তিনি বিসিক এলাকার ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়।

Post Comment

YOU MAY HAVE MISSED