অল্প বয়সে বুড়িয়ে যাওয়া রোধ করবেন যেভাবে
অনলাইন ডেক্স ।।
দৈনন্দিন জীবনে পুষ্টিহীন খাবার, ধূমপান, অপর্যাপ্ত ঘুম, মানসিক চাপসহ নানাবিধ কারণে অল্প বয়সে বুড়িয়ে যাওয়া বা অকাল বার্ধক্যের দেখা দেয়। অনেকে ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে নানা ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করে থাকেন। কিন্তু আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, বাজার চলতি অনেক পণ্যে হাজারও রাসায়নিক থাকে যা ত্বককে সুন্দর করে তোলার পরিবর্তে তাড়াতাড়ি বুড়িয়ে দেয়।
তাই ত্বকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অল্প বয়সে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা পেতে নানা ভেষজের গুণসমৃদ্ধ আয়ুর্বেদের উপর ভরসা রাখুন। এতে ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত, সুন্দর।
ত্রিফলা
ত্বকের জন্য সবচেয়ে বেশি কার্যকরী ত্রিফলা। এর জন্য আধ গ্লাস হালকা গরম পানি নিন। এবার এতে ৫ থেকে ১০ গ্রাম ত্রিফলার গুঁড়া পাউডার মেশান। সঙ্গে ভালোভাবে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। ঘুম থেকে ওঠার পর খালি পেটে এই মিশ্রণ খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ব্রণের সমস্যাও কমবে।
ঘি
ত্বকের নানারকম সমস্যার সমাধান হতে পারে ঘি। এটি ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি ঠোঁটফাটা, গোড়ালি ফাটা কমাতেও বেশ কার্যকর। আবার প্রতিদিন মাত্র এক চামচ ঘি খেলেও বাড়বে ত্বকের উজ্জ্বলতা।
এছাড়াও ত্বকের সৌন্দর্য ঠিক রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় অশ্বগন্ধা, আমলকী, গুলঞ্চ রাখতে পারেন। চাইলে এই তিনটি গুঁড়ো মিশিয়ে দই ও মধু দিয়ে ফেসপ্যাক ব্যবহার করে মাখতে পারেন। তাহলেও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
প্রতিরোধের আরও উপায়
সঠিক পরিমাণে পানি না খেলেও ত্বকের সমস্যা বাড়তে পারে। প্রতিদিন কমপক্ষে ৪-৫ লিটার পানি পান করুন। এতে আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়বে। দেহের আর্দ্রতাও বজায় থাকবে।
আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, সুন্দর ত্বক পেতে চাইলে সারাদিনে কমপক্ষে আধঘণ্টা শরীরচর্চা করতেই হবে। তা না হলে নিয়ম করে হাঁটতে হবে।
প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি তেলমসলাযুক্ত খাবার রাখা যাবে না। তাহলে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখুন।



Post Comment