রমজানে এতিমখানা ও মাদরাসায় ইফতার সহায়তার আহ্বান ফুয়াদের
নিজস্ব প্রতিবেদক ।।
পবিত্র রমজান উপলক্ষে বাবুগঞ্জ ও মুলাদী এলাকার অসহায় মানুষ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে ইফতার সহায়তার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক লাইভে এসে তিনি এই মানবিক উদ্যোগের কথা তুলে ধরেন।
লাইভে ব্যারিস্টার ফুয়াদ জানান, পাঁচটি বড় নদীবেষ্টিত বাবুগঞ্জ ও মুলাদী এলাকার প্রায় ৬০০-এর বেশি মসজিদ, মাদরাসা ও এতিমখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব কোনো আয়ের উৎস নেই। বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতি ও যাতায়াত সমস্যার কারণে এসব প্রতিষ্ঠানে নিয়মিত ইফতারের আয়োজন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট নিরসনে তিনি কেবল দোয়া নয়, বরং সামর্থ্যবানদের বাস্তব সহযোগিতা নিয়ে এগিয়ে আসার অনুরোধ করেন।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও ‘নতুন বাংলাদেশ’ গড়ার আমানত রক্ষা করতে হলে সমাজের ভেতর থেকে ইনসাফের লড়াই শুরু করতে হবে। এই মানবিক লক্ষ্য থেকেই ‘ইনকিলাব মঞ্চ’ ও ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ এই ইফতার উদ্যোগের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি ৫৭ হাজার ১৪৯ ভোট পেয়েছিলেন। নির্বাচনের পর এবার পবিত্র রমজানকে কেন্দ্র করে নিজ এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই সামাজিক ও ধর্মীয় উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।



Post Comment