Loading Now

দোকানে জাল নোট ভাঙাতে গিয়ে গ্যারাকলে যুবক, অতঃপর পুলিশে সোপর্দ

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে দোকানদারের কাছে জাল টাকার নোট ভাঙাতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন আশরাফ চৌকিদার (৪২) নামের এক ব্যক্তি। পরে তাকে জাল নোটসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বংকুরা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার কাছ থেকে চার হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটক আশরাফ একই উপজেলার শাহজিরা গ্রামের আনোয়ার চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার বিস্তার ঘটিয়ে আসছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি বংকুরা এলাকার একটি দোকানে গিয়ে এক নারী দোকানদারের কাছে জাল টাকা ভাঙানোর চেষ্টা করেন। বিষয়টি দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের জানান। পরে আশপাশের লোকজন তাকে আটক করে চন্দ্রহার বাজারে নিয়ে আসেন।

এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফকে জাল নোটসহ আটক করে থানায় নিয়ে আসে।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ওই ব্যক্তির কাছ থেকে এক হাজার টাকার তিনটিসহ মোট চার হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED