Loading Now

শ্রমিক দ্বন্দ্বে ভোলার অভ্যন্তরীণ ৫ রুটে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

ভোলা প্রতিনিধি ।।

ভোলায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের বিরোধের জেরে ভোলার চরফ্যাশনে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস শ্রমিকরা। সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট শুরু হয়।

এসময় শ্রমিকরা ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের অনুরোধে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। তবে হঠাৎ ধর্মঘটের কারণে এ রুটে চলাচলকারী ভোলার সাত উপজেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বাস শ্রমিকদের অভিযোগ, সোমবার সকাল চরফ্যাশনের টিবি স্কুল এলাকার সামনে অটোচালকদের একটি দল তাদের একটি যাত্রীবাহী বাস আটকে চালক ও চালকের সহকারী মারধর করে। একই সঙ্গে চরফ্যাশন বাজারে বাস মালিক সমিতির ডিপোতে গিয়ে বাস বের করে দেওয়া, কাউন্টার ভাঙচুর ও সুপারভাইজারকে হেনস্তা করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও সিএনজি চালকরা তা অমান্য করে বাস শ্রমিকদের ওপর হামলা করছে। এ ঘটনার প্রতিবাদেই শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ভোলা জেলা অটোরিকশা ও হালকা যান মালিক সমিতির সভাপতি মো. মাকসুদুর রহমান জানান, অটোরিকশার কেউ বাস শ্রমিকদের মারধর করেনি কিংবা ডিপো থেকে বাস বের করে দেয়নি। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বাস সরানো হয়েছে।

ভোলার শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মো. আবদুল গণি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক অবরোধ তুলে দেয়। বর্তমানে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকলেও অন্যান্য যানবাহন স্বাভাবিক রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED