বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক ।।
মালিক সমিতির বিরোধের জেরে বরিশাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঝালকাঠি বাস মালিক সমিতির একটি বাসের দুই স্টাফ মারধরের ঘটনার রেশ ধরে সোমবার সকাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় রূপাতলী বাস টার্মিনালে ঝালকাঠি বাস মালিক সমিতির একটি বাসের দুই স্টাফ মারধরের শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই মালিক সমিতির মধ্যে বিরোধ দেখা দেয়। পরে আলোচনায় সমাধান না হওয়ায় সোমবার সকাল থেকে ঝালকাঠি বাস মালিক সমিতির পক্ষ থেকে রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস সরিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে রূপাতলী টার্মিনাল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ঝালকাঠির প্রবেশদ্বার কালিজিরা সেতুর ঢালে অস্থায়ীভাবে বাস রেখে সেখান থেকে যাত্রী পরিবহন চালু রাখেন ঝালকাঠির মালিক ও শ্রমিকেরা।
বরিশাল বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার জানান, ‘একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠির লোকজন তাদের বাস রূপাতলী টার্মিনাল থেকে সরিয়ে নিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে একটি অবৈধ বাস স্ট্যান্ড চালুর চেষ্টা করছেন। এ কারণে বিভিন্ন অজুহাতে বাস সরিয়ে নেওয়া হচ্ছে। এবং রূপাতলী থেকে কোনো বাস ছেড়ে গেলে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিকরা তা ঢুকতে দিচ্ছে না এবং মারধরের হুমকি দিচ্ছে। এতে বরিশাল-ঝালকাঠি, ভান্ডারিয়া, পিরোজপুর-মঠবাড়িয়া, বরগুনার পাথরঘাটা, বাগেরহাট এবং খুলনা রুটে বাস চলাচল ব্যাহত হচ্ছে।’
তবে এসব সকল অভিযোগসমূহ অস্বীকার করেছেন ঝালকাঠি বাস শ্রমিকরা। বরং তারা উল্টো অভিযোগে বলছেন, রূপাতলী বাস মালিক সমিতি চাঁদাবাজি এবং চুরি করছে। এতে আপত্তি জানানোয় শ্রমিকদের মারধরও করা হচ্ছে। ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, রূপাতলী টার্মিনালে ঢুকতেই বাসপ্রতি ৪০ টাকা চাঁদা দিতে হয়। এছাড়া অটোরিকশা সরানোসহ বিভিন্ন অজুহাতে টাকা আদায় করা হয়। রাতে বাস রাখলে ব্যাটারি ও তেল চুরির ঘটনাও ঘটে।
যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. মিলন। এই শ্রমিক নেতা সাংবাদিকদের বলেন, ‘ঝালকাঠির প্রবেশদ্বার কালিজিরা এলাকায় বাস রাখা হয়েছে এবং সেখান থেকে যাত্রী পরিবহন করা হচ্ছে।’
এদিকে দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে পড়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ভান্ডারিয়াগামী যাত্রীদের অভিযোগ, রূপাতলী কাউন্টারে কোনো বাস নেই। ফলে ভোগান্তি মাড়িয়ে ছোট ছোট পরিবহনে ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটতে হচ্ছে।
তবে দুই মালিক সমিতির বিরোধ এবং যাত্রীদের বিড়ম্বনার বিষয়টি গুরুত্বসহকারে দেখে শিগগিরই বাস চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। সোমবার বিকেল ৫টার দিকে মুঠোফোনে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি তার নলেজে ছিল না। বরিশাল এবং ঝালকাঠির জেলা প্রশাসককে সমস্যা সমাধানে কাজ করার নির্দেশনা দেওয়া হবে।’



Post Comment