Loading Now

সরকারের তদারকিতে দ্রব্যমূল্যের দাম কমায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে : রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক ।।

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের প্রতি সাধারণ জনগণ সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

মঙ্গলবার (১০ মার্চ) একতা বন্ধু মহল বরিশালের আয়োজনে পূর্ব চরআইচা ক্বেরাতুল কোরআন ও হাফিজি মাদ্রাসায় আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বরিশাল ভ্রমণ

রহমাতুল্লাহ বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করা। তিনি বলেন, সরকারের কার্যকর উদ্যোগ ও বাজার তদারকির কারণে দ্রব্যমূল্যের দাম অনেকটা কমে এসেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বৃদ্ধি, বাজার নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের আন্তরিক প্রচেষ্টা ইতোমধ্যে ইতিবাচক ফল বয়ে এনেছে।

এসব উদ্যোগের ফলে সাধারণ মানুষ স্বস্তির সাথে রমজান পালন করতে পারছে।

রহমাতুল্লাহ বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ধরে রাখতে সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই সরকার দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে।

তিনি আরও বলেন, জনগণ ও দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্বেরাত প্রতিযোগিতা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় শাহবুদ্দিন স্বপনের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. রেজাউল করিম, মহানগর যুবদলের সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব, চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গণী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, বিএনপি নেতা বিপ্লব মেম্বর ও মনজুর রহমান, সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদার প্রমুখ।

Post Comment

YOU MAY HAVE MISSED