Loading Now

ভুয়া রেশন কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’: ঝালকাঠিতে ১১ পুলিশের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে চারজন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) রয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন— সাবেক মেস ম্যানেজার মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক আরিফ মাহমুদ, মো. আল মামুন, মো. রেজাউল করিম ও কাজী রাজিউল জামান। এছাড়া অন্য অভিযুক্তরা হলেন কনস্টেবল মো. আতিউর রহমান, মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান, অফিস সহকারী মো. তৌফিক এলাহী, গুদামদার মো. জহির উদ্দিন এবং বিক্রয় সহকারী সৈয়দ জসিম উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ঝালকাঠি পুলিশ লাইন্স রেশন সেন্টারে ২৫২টি ভুয়া কার্ড তৈরি করে এসব রেশন সামগ্রী উত্তোলন ও আত্মসাৎ করা হয়।

দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, অভিযুক্তরা সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে জাল-জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, অভিযুক্তরা বর্তমানে বিভিন্ন জেলায় কর্মরত আছেন। অভিযোগ প্রমাণিত হলে পুলিশ বিভাগ তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Post Comment

YOU MAY HAVE MISSED