Loading Now

বরিশালে তিন নারীর মরদেহ উদ্ধার: প্রাথমিক ধারণা আত্মহত্যা!

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালে পৃথক ঘটনায় তিন উপজেলা থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে স্বজনদের দাবি, এরা সবাই পারিবারিক বিভিন্ন কারণে আত্মহত্যা করেছে।

জানা গেছে, বরিশালের গৌরনদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস বেগম (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন-সোমবার (২৩ মার্চ) রাতে স্বামী মাইনুলের সঙ্গে ঝগড়া হয় বিলকিস বেগমের।

ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করে রাতে কোনো এক সময় গলায় ফাঁস দিয়েছে বিলকিস। বিলকিসের চাচাতো ভাই রাব্বি হাসানসহ পরিবারের একাধিক সদস্য অভিযোগ করে বলেন, গত কয়েকদিন যাবৎ বিলকিসের ওপর অত্যাচার-নির্যাতন করে আসছিলো স্বামী মাইনুল গাজী। সর্বশেষ সোমবার রাতে বিলকিসকে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে নিহতের শ্বশুর আলতাফ গাজী জানিয়েছেন-রাতে শুনেছি আমার ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে পুত্রবধূর মনোমালিন্যে হয়েছে।

ওই ঘটনার জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পুত্রবধূ বিলকিস।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অপরদিকে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানিয়েছেন, বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তার মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মৃত সুমি আক্তার (২৪) স্থানীয় বাসিন্দা রুবেলের স্ত্রী। তবে সে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

এছাড়া, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের স্বাধীন বাজার এলাকায় সীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয়রা রামবাবুর মাছের ঘেরের পাশের একটি বাড়ির বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। মৃতের শ্বশুর আলী আকবর রাঢ়ি জানান, তার সৌদি প্রবাসী ছেলে তানজিলের সাথে এক যুগ আগে মাদারীপুরের বাসিন্দা সীমা আক্তারের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে ১০ বছর বয়সি এক ছেলে, ৩ বছর বয়সি এক মেয়ে সন্তান রয়েছে। অসুস্থ শ্বশুর-শাশুড়িসহ সন্তানদের নিয়ে সীমা আলিমাবাদে থাকেন।

স্থানীয়রা জানান, তানজিল প্রায় ৫ থেকে ৭ বছর আগে সৌদি আরবে পাড়ি জমায়। এছাড়া কিছুদিন আগে সীমা আক্তারও হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে প্রায় ৭ মাস অবস্থান করে দেশে ফেরেন।

তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED