নানা আয়োজনে বরিশালে গণহত্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ।।
সারাদেশের ন্যায় বরিশালেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন আজ। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে হত্যা করে।
তিনি বলেন, একাত্তরে মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল, তখন ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। সেদিন মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিত পন্থায় বাঙালি হত্যার মহোৎসবে মেতে উঠেছিল। রক্তের স্রোতে ভাসিয়ে দিতে চেয়েছিল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগসহ সারাদেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহীদ হন, ছাত্র-শিক্ষক, পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ।
বিভাগীয় কমিশনার আরো বলেন, ওই সময় আপোষহীন বাঙালিরা শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। সে ধারাবাহিকতায় দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
অনুষ্ঠানে অংশ নেয়া বক্তারা সভায় ২৫ শে মার্চের ভয়াল সেই দিনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। তারা বলেন, বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ পরিচালনা করেন। ফলশ্রুতিতে বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি।
আলোচনা সভা শেষে ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা। ৎ
জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. এবায়েদুল হক চাঁন, নুরুল আলম ফরিদ ও দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
এ অনুষ্ঠানে বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনকের তত্ত্বাবধানে গণহত্যা দিবসের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস তুলে ধরেন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। তারা নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।



Post Comment