পিরোজপুরে বাস কাউন্টার-তরমুজের দোকানে ইউএনওর অভিযান
পিরোজপুর প্রতিনিধি ।।
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাস কাউন্টার, এলপি গ্যাসের দোকান ও তরমুজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঘোষেরহাট বাজারের বাস কাউন্টার ও চন্ডিপুর বাজারের বাস কাউন্টারসহ এসব বাজারের এলপি গ্যাস এবং তরমুজের দোকানে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সরকারের নির্ধারিত নিয়ম উপেক্ষা করে কেজি দরে তরমুজ বিক্রি করার অভিযোগে চন্ডিপুর বাজারের তরমুজ ব্যবসায়ী ও একই এলাকার বাসিন্দা মো. রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০০ টাকা জরিমানা করা হয়। স্থানীয়দের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে প্রাথমিকভাবে এ জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া বাস কাউন্টার ও এলপি গ্যাসের দোকানগুলোতে দৃশ্যমান কোনো অনিয়ম পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম না করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা টানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে ইন্দুরকানী থানার এসআই পলাশ সাহাসহ পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী, শহিদুল ইসলাম শহিদ ও মারুফুল ইসলামও উপস্থিত ছিলেন।
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘তরমুজ বিক্রিতে অনিয়ম পাওয়া গেছে। তাই প্রাথমিকভাবে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তার ফ্যামিলি কার্ড হলে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।’
তিনি আরও জানান, বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা টানানোসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Post Comment