Loading Now

হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এবং তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আবুল হাসানাত আবদুল্লাহ হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে ১৫ এপ্রিল পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর মো. সহিদুল ইসলাম সরদার অভিযোগটি উপস্থাপন করেন।

মামলার চার আসামির মধ্যে বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন বর্তমানে কারাগারে আছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক রয়েছেন।

এই মামলায় বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।’

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন টিপু হাওলাদার ও কবির মোল্লা। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে হাসানাত আবদুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে এই দুজনকে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করেন। হাসানাত আবদুল্লাহ ও এহসানউল্লাহ তাঁদের অধস্তন পুলিশ সদস্যদের দিয়ে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে গৌরনদী–গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পাশে টিপু হাওলাদার এবং কবির মোল্লাকে গুলি করে হত্যা করে।’

Post Comment

YOU MAY HAVE MISSED