Loading Now

ভোলায় স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু

ভোলা প্রতিনিধি ।।

ভোলার লালমোহন উপজেলায় স্বামীর ব্রেন স্ট্রোকের খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সালেকা বেগম (৬৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এদিকে তার স্বামী শাহজাহান বলি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালেকা বেগমের মৃত্যু হয়।

রোববার (৫ এপ্রিল) সকালে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সালেকা বেগম লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দক্ষিণ চতলা গ্রামের বড় ব্রিজ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ সন্তানের জননী।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজ বাড়িতে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন শাহজাহান বলি। তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

স্বামীর অসুস্থতার খবর শুনে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন স্ত্রী সালেকা বেগম। পরে তাকেও দ্রুত বরিশালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের ছেলে নুরে আলম জানান, শনিবার রাতে আমার মা মারা যান। আর বাবার অবস্থাও আশঙ্কাজনক। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে অসুস্থ শাহজাহান বলির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার।

Post Comment

YOU MAY HAVE MISSED