Loading Now

আলভারেজের জাদুকরী ফ্রি-কিকের ‘গুরু’ মেসি

স্পোর্টস ডেক্স ।।

আর্জেন্টিনা জাতীয় দলে খেলেন একইসঙ্গে। বার্সেলোনার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়ে জাদুকরী ফ্রি-কিকের পর ‘গুরু’ লিওনেল মেসিকে স্মরণ করলেন জুলিয়ান আলভারেজ। রাখঢাক না রেখেই বললেন, তার এমন ফ্রি-কিকের প্রেরণা মেসিই।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে বার্সেলোনার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচে হাফটাইমের ঠিক আগে ফ্রি-কিক থেকে চোখজুড়ানো এক গোল করেন আলভারেজ।

আলভারেজ ইএসপিএন-কে বলেন, ‘আমি এখানে (ক্যাম্প ন্যুতে) লিভারপুলের বিপক্ষে মেসির ২০১৯ সালের গোলটি অনেকবার দেখেছি। তবে ঠিক ওই কোণায় বলটা যাবে কিনা, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত ছিলাম না। বল মারার পরই বুঝতে পারি, আর মারার আগেই আমার বেশ আত্মবিশ্বাস ছিল। গতকাল আমরা অনুশীলনে অনেক চেষ্টা করেছি, কিন্তু একটাও ঢোকাতে পারিনি। আজকেরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।’

এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে আলভারেজের গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে, যা তাকে নিয়ে বড় ক্লাবগুলোর আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। ২০৩০ সালের জুন পর্যন্ত অ্যাটলেটিকোর সঙ্গে চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ডকে বার্সেলোনা দলে নিতে আগ্রহ দেখাচ্ছে।

সূত্র জানিয়েছে, আর্সেনালও তাকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে অ্যাটলেটিকো প্রেসিডেন্ট এনরিক সেরেজো স্পষ্ট জানিয়েছেন, আলভারেজ কখন ক্লাব ছাড়বেন, সেই সিদ্ধান্ত তারই।

তিনি বলেন, ‘যদি কোনো খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের চুক্তি থাকে এবং এখনও অনেক বছর বাকি থাকে, তাহলে কী হতে পারে সেটা আপনি নিজেই বুঝতে পারেন। আমি না বলা পর্যন্ত সে কোথাও যাচ্ছে না।’

বার্সেলোনা আগামী গ্রীষ্মে নতুন ফরোয়ার্ড খুঁজছে, কারণ তাদের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোভস্কির চুক্তির মেয়াদ জুনে শেষ হচ্ছে। আলভারেজকে ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পছন্দের তালিকায় শীর্ষে রাখা হয়েছে।

তবে আলভারেজ বর্তমানে এসব নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘আমি এখন ভালো ফর্মে আছি। নিজেকে দারুণ লাগছে, আর মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন সামনে। আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে, কারণ সামনে বড় কিছু অপেক্ষা করছে।’

বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে জয় পেলেও, আলভারেজ সতর্ক রয়েছেন দ্বিতীয় লেগ নিয়ে, ‘এখনও কিছুই শেষ হয়নি। আমরা জানি তারা কেমন দল। আমাদের এগিয়ে থাকার সুবিধা আছে, আর ঘরের মাঠের সমর্থনকে কাজে লাগাতে হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED