অপহরণে ব্যর্থ হয়ে ব্যবসায়ীকে মারধর করে ৩ লাখ টাকা লুটে নিল ইউপি সদস্য
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীর কাটপট্টির একটি মার্কেট থেকে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আপরহণ চেষ্টার অভিযোগ উঠেছে। বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের বিতর্কিত ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টুর নেতৃত্বে এ অপহরণ চেষ্টা চালানো হয় বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ীদের বাঁধার মুখে অপহরণে ব্যর্থ হয়ে রফিককে বেধরক মারধর করাসহ তার দোকান থেকে তিন লক্ষাধিক টাকা নিয়ে যায় মিন্টু ও তার বাহিনী। স্থানীয়রা ঘটনার পর আহত রফিককে উদ্ধার করে শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
আহত সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের বাসিন্দা মৃত আমজাদ আলী সরদারের ছেলে নগরীর কাটপট্টি এলাকার কসমেটিকস ব্যবসায়ী রফিকুল ইসলামের সাথে ওই ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু ও তার কয়েক সহযোগীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে বিগত সময়ে রফিকুল ইসলামের কড়াপুরের বাড়িতে লুটপাট চালিয়ে তার বৃদ্ধা মাকে অপহরণের চেষ্টা করে মিন্টু বাহিনী। তখন খবর পেয়ে এয়ারপোর্ট ধানা পুলিশ অপহরণকারীদের কাছ থেকে রফিকুল ইসলামের মাকে উদ্ধার করাসহ লুটপাট হওয়া মালামালও উদ্ধার করে। তবে তখন মিন্টুর সাথে আওয়ামী লীগের সখ্যতা থাকায় মামলাটি তেমন আর আগায়নি। এমনকি পুলিশ কাউকে আটক পর্যন্ত করেনি। চব্বিশ পরবর্তী এই সময় মিন্টু ভোল পাল্টে বিএনপির কর্মী বনে যান। মাঝে কিছুদিন নিরব থাকলেও আবারও বেপরোয়া হয়ে উঠে ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু ও তার বাহিনী। তার অত্যাচারে অতিষ্ট পুরো কড়াপুরবাসী।
পূর্ব ঘটনার জের ধরে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মিন্টু তার সকল কর্মের সহযোগী তারই শ্যালক বাদশা খান, দক্ষিন কড়াপুর এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে আজাদী ইসলাম এল ফিরোজ, শিবপাশা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম ও নজরুল ইসলামসহ ১৫/২০ জনার একটি সংঘবদ্ধ দল নগরীর কাটপট্টি এলাকার হাকিম প্লাজা নামক মার্কেটে রফিকুল ইসলামের কসমেটিকসের দোকানে হামলা চালায়। এসময় রফিককে অপহরণের চেষ্টা করলে পার্শবর্তী ব্যবসায়ীদের বাঁধার মুখে ব্যর্থ হয় অপহরণকারীরা। তবে তারা রফিককে বেধরক মারধর করে গুরুতর আহত করে।
একইসাথে দোকানে থাকা প্রায় তিন লক্ষাধীক টাকা নিয়ে যায় মিন্টু ও তার বাহিনী। যাওয়ার সময় তাকে হত্যাসহ নানা ক্ষতির হুমকি দেয় মিন্টু বাহিনী। স্থানীয়রা আহত ব্যবসায়ী রফিককে উদ্ধার করে শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন রফিকুল ইসলাম ও তার পরিবার। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানা পুলিশ ও আহতের স্বজনরা।



Post Comment