Loading Now

পিরোজপুরে ডাকাতি: দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে ডাকাত সর্দার গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার আব্দুল আজিজ ফরাজীকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় মাদারীপুরে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। গ্রেফতারকৃত আব্দুল আজিজ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ১নং পশ্চিম ইলুরহাট গ্রামের জালাল ফরাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামের নির্দেশনায় এসআই সুমনের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তি ও র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার রাত ১০টায় তাকে নাজিরপুর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ আরও জানায়, ৯ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দল ট্রলারে করে ওই গ্রামে ডাকাতি করতে আসে। তাদের মধ্যে ৭ জন নাজমুল হাসানের বাড়িতে প্রবেশ করে এবং বাকি ২ জন ট্রলারে অবস্থান করছিল। ডাকাতির চেষ্টাকালে স্থানীয়দের গণপিটুনিতে দুলাল রাড়ী নামে এক ডাকাত আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ওই সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক ও তার ছেলে গুরুতর আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান, গত ১৯ এপ্রিল রাত দেড়টার দিকে নাজমুল হাসানের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বরিশাল রেঞ্জের ডিআইজি ও পিরোজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তদন্ত শুরু করে পুলিশ দ্রুততম সময়ে মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED