নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে মাদক মামলায় কালিগঞ্জ ঝিনাইদহ থানার মোহাম্মদ ইদ্রিস আলী কে (পলাতক) যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া গোপালগঞ্জ মঠবাড়িয়া গ্রামের আমিনুর রহমান(পলাতক), মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে রিপন খান (পলাতক) এবং কামাল হাওলাদারকে ১০ বছর সশ্রম কারাদ-, ৫০০০ টাকা অর্থদ- আরো ছয়মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আবু জাফর মোঃ নোমান ওই রায় ঘোষনা করেন।
আদালতের বেঞ্চ সহকারি প্রদীপ কুমার ভক্ত জানান-২০১৫ সালের ১৬ মার্চ আগৈলঝাড়া থানার ফুলশ্রী গ্রাম মৃত বাদশা মিয়ার বাড়ির সামনে থেকে র্যাব-৮ এর ডিএডি মোঃ আনোয়ার হোসেন আসামিদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল এবং ১০১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই দিন ডিএডি বাদী হয়ে মামলা দায়ের করেন।
আগৈলঝড়া থানার এসআই আক্কাস আলী তদন্ত শেষে ২০১৫ সালের ২০ এপ্রিল মামলার চার্জশিট প্রদান করেন। আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় প্রদান করেন।