Loading Now

পলিটেকনিকের কোর্স কমিয়ে ৩ বছর করার আলোচনা

অনলাইন ডেক্স ।।

পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স এক বছর কমিয়ে ৩ বছর করা নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সভাকক্ষে ওই বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় এই আলোচনা হয়। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স এক বছর কমিয়ে তিন বছর করা যায় কি না, সেটির ভালো-মন্দের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।

সভায় আলোচনা হয়, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোয় বর্তমানে চার বছর মেয়াদি এই ডিপ্লোমা কোর্সে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা ভর্তি হয়। আগে এই ডিপ্লোমা কোর্স ছিল তিন বছর মেয়াদি। কিন্তু চার বছর করা হলেও সিলেবাসের উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি।

এই ডিপ্লোমা কোর্সের মেয়াদ তিন বছর করা হলে শিক্ষার্থীরা বর্তমান সময়ের তুলনায় এক বছর আগেই কর্মজীবনে প্রবেশ করার সুযোগ পাবেন। সভায় সততা ও দক্ষতার সঙ্গে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার জন্য আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

সভায় কারিগরি শিক্ষার জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং প্রয়োজনীয় নতুন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মডেল পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলার কথাও আলোচনা হয়।

এই সভায় কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED